Share

নীরব কক্ষের প্রতিধ্বনি | মোহাম্মদ জাহিদ হোসেন

লিখেছেনঃমোহাম্মদ জাহিদ হোসেন

ক্রমে অভ্যস্ত হয়ে যাচ্ছি,
অবাক হই না আর—
ক্রোমোজোম হারালে অস্তিত্বও অদৃশ্য।
গলা থেকে খসে যায় স্বর,
চেনা পথ অচেনায় মিলিয়ে যায়।
অবাক হই না,
ভেতরের ঘূর্ণি নীরব, অবিরাম।
সবকিছু মানিয়ে নিচ্ছি,
প্রতিবাদ আসে না।
মনমরা গলা, চৌখস অভিনয়—
পোঁছায় না হৃদয়ের গভীরে।
বলতেই হয়—ভালো আছি,
এ পর্যন্ত, এ পর্যন্তই।
ঢিল ছুড়লেও চুপ থাকি,
অর্ধভূখ প্রেমীর ছায়া পাশে,
কিছুই বলিনা, মনমড়া হই।
ভালোলাগা সব নিয়ে যায়,
চোরেরা সজাগ, মুখ বুঁজে থাকে।
নিজেই অবাক হই পরে।
অভ্যস্তি নয়, এটি ভোরের যুদ্ধ,
নীরব প্রতিরোধের কক্ষে ছড়ায় ছায়া।
শ্বাস নেই, তবু জীবন নড়াচড়া করে,
অবজ্ঞার ছায়া মিলিয়ে যায় অভ্যস্তির সাথে।
নিজেকে প্রশ্ন করি—
কতটা রাখা যায় নিজের,
কতটা ছেড়ে দিতে হয় সময়ের কাছে।
আমি থাকি, তুমি আছো,
এই ভেতরের নীরব কক্ষে।
অবাক ও অভ্যস্ত,
অদৃশ্য যুদ্ধের মাঝখানে,
শব্দহীন, গহীনে,
ডুবে যাই নিজেকে খুঁজে।