অন্তিম চিঠি | প্রিতি
প্রিয় অরিন্দম,
কেমন আছো? না থাক উত্তরটা না হয় দিয়ো না কেননা তুমি ভালো আছো আমাকে ছাড়া এইটা শুনলে খারাপ লাগবে আমার। আবার প্রিয় মানুষটা খারাপ আছে সেটা শুনলেও খারাপ লাগবে। তাই উত্তরটা তোমার কাছেই গুচ্ছিত থাকুক।
আজ বহুকাল তোমার সাথে আমার দেখা হয়না, শেষ কবে যে দেখেছি তাও মনে নেই। বয়সটা বাড়ায় আজকাল স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছে।অরিন্দম বহুকাল তোমাকে দেখি না আজ খুব দেখতে ইচ্ছে হচ্ছে যদিও আমার সে অধিকার আমি কবেই হারিয়েছি তবুও। আচ্ছা, তোমার মনে পড়ে সে দিনগুলোর কথা? তুমি, আমি আর আমাদের কাটানো মুহূর্তগুলো! একদিন মজার ছলে যে বলেছিলে স্নিগ্ধা আমাদের একটা ছোট সংসার হবে পুতুলের সংসার। আর সেদিনের কথা মনে আছে তুমি আমাকে বকুল ফুল কিনে দিয়ে জিজ্ঞেস করেছিলে আমাদের মেয়ের নাম বকুল রাখলে কেমন হয় স্নিগ্ধা! আচ্ছা অরিন্দম আজও কী প্রতি শুক্রবার বিকেলে সেই পলাশ গাছের নিচে যাও চা খেতে? মনে আছে আমার জন্য চা নিয়ে দাঁড়িয়ে থাকতে আর আমি দেরিতে এলে রাগে তা তুমি নিজেই খেয়ে ফেলতে আর আমি তাকিয়ে থাকতাম। আচ্ছা অরিন্দম, আমাদের শেষ দেখা যেদিন হলো সেদিনের কথা মনে আছে তোমার! আমার স্মৃতিশক্তি কমে গেলেও সেই দিন এখনো ভেসে উঠে স্মৃতির পর্দায়। আমি ছুটিতে বাড়িতে যেতে চাইলাম তুমি আমাকে বাসে উঠিয়ে দিয়ে দাঁড়িয়ে রইলে শিশুর মতো অবুঝ চোখে চেয়ে। কেন যেন মায়া হচ্ছিল খুব কিন্তু আমি বুঝে উঠতে পারিনি সেইটা আমাদের শেষ দেখা নাহলে আমি হয়তো আরো কিছুক্ষণ থেকে যেতাম, আর এক কাপ চা খেতাম।
অরিন্দম শুনেছি তোমাদের একটি ছেলে সন্তান হয়েছে। কার মতো হয়েছে দেখতে? আমার খুব দেখার ইচ্ছে, তাকে একবার কুলে নেবার ইচ্ছে, কিন্তু সৃষ্টিকর্তা আমাকে সে সুযোগ থেকেও বঞ্চিত করছে। আমার ব্রেন টিউমার ধরা পড়েছে অরিন্দম।
সে কথা বাদ। জানো অরিন্দম, আমার বকুল নামের মেয়ে আছে!
নাহ বিয়ে আমি এখনো করিনি, দত্তক নেয়া। আমি তোমাকে শেষ দিন হাসতে হাসতে বলেছিলাম তুমি আমার চলার একমাত্র সঙ্গী হবে, আমি সে কথা রেখেছি। যদিও তুমি অন্য কারো তবুও তুমি এখনো আমার সঙ্গী। জীবনের সব জায়গায় তোমার ছায়া। অরিন্দম আমি কথা রেখেছি। ডাক্তার বলেছেন বেশি সময় নেই হাতে। বকুল এবার ২১ এ পা দিয়েছে এবার। ওকে এ চিঠিটি দেবার সময় আমি চলে যাবার পর তোমাকে চিঠি পাঠিয়ে দেবার কথা বলে যাবো। অরিন্দম আমার হাতের সময়টা শেষের দিকে আর এখনো তুমি আমার সাথেই আছো আমার সঙ্গী হয়ে। আমি কথা রেখেছি। তোমার স্নিগ্ধা তোমার কথা রেখেছে।
আমার লেখা শেষ চিঠি এটি। তুমি যখন চিঠিটি হাতে পাবে তখন আমি পৃথিবীর মোহ, তোমার মোহ, বকুলের মোহ ত্যাগ করে চলে যাবো। ভালো থাকবে কিন্তু কেমন! যাচ্ছি।
তোমার স্নিগ্ধা
